জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও কোনো কোনো ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে বলে দাবি করছেন তারা। কেউ কেউ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে দাবি করে বিদ্যুৎ বিভাগ বলছে, কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ জানায়, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।
