কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, নির্বাহী, উচ্চপদে কর্মকর্তারাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ইমতিয়াজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা দেন। ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ২৫ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন রিটেইল ব্যাংকিং, এসএমই ও অ্যাগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। কৌশলগত ব্যবসায়িক নেতৃত্ব, ব্যালান্স শিট শক্তিশালীকরণ, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক রূপান্তরে তার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংকের ডিএমডি এবং সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। ব্যাংকিং খাতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের ব্যাংকারদের পেশাগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
