অকার্যকর হচ্ছে পুরনো বিআইএন ভ্যাট কমিশনারেট পুনর্গঠন

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৩ এএম

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের কারণে স্থানান্তরিত ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) আগামী ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সময়ের পর পুরনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। ফলে আমদানি-রপ্তানিসহ কাস্টমসের যাবতীয় কার্যক্রম নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে। গতকাল সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এনবিআর জানায়, করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন কমিশনারেট গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিআইএন নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশন নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্য বিআইএন সংক্রান্ত তথ্য অপরিবর্তিত থাকবে।

এনবিআর আরও জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘœ না ঘটে সেজন্য স্থানান্তরিত প্রতিষ্ঠানের পুরনো ও নতুন উভয় বিআইএন কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরনো বিআইএন ব্যবহার করে এরই মধ্যে খোলা এলসি (এল/সি), বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্য চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা যাবে। তবে ৩০ নভেম্বরের পর পুরনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর কাস্টমসের আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম কেবল নতুন বিআইএন ব্যবহার করেই পরিচালনা করতে হবে বলেও জানিয়েছে এনবিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত