৫ আগস্ট পোশাক কারখানা ‘সমঝোতায়’ ছুটি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস-আদালত (জরুরি সেবাখাত ছাড়া) বন্ধ থাকবে। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের ছুটি মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে ঘোষণা করা হয়েছে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

তিনি জানান, সরকার অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৩ কার্যদিবস ছুটি রয়েছে। এর ভিত্তিতে ঈদ, পূজা, পহেলা বৈশাখ রয়েছে। ২০২৫ সাল থেকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটির তালিকায় রয়েছে। তবে বিষয়টি নির্ধারিত ছুটি বছরের শুরুতে কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হয়ে থাকে। ফলে ৫ আগস্ট উপলক্ষে বিজিএমইএর পক্ষ থেকে কোনো ঘোষণা না থাকলেও অধিকাংশ কারখানা মালিকরা ইতিমধ্যে ছুটি দিয়ে দিয়েছেন। আর অল্প কিছু সংখ্যক মালিক শ্রমিকদের সম্মতিতেই কারখানা খোলা রাখছেন, যা তারা পরে সমন্বয় করে নেবেন।

জানা গেছে, ১৭ নভেম্বর ২০২৫ তারিখের শ্রম অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। বিধি অনুযায়ী এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণ করবেন মালিকপক্ষ। সেই তালিকায় ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত