এবারও এসএসসির ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫২ এএম

চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে (এইচএসসি) শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যাতে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।

গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এবার একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে নীতিমালার খসড়া করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সারা দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। আর এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতোই ভর্তি পরীক্ষা নিয়ে একাদশে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত