বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশেই রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে পাশের নদীতে ঝাঁপ দেন তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিলেও ততক্ষণে তাদের পরনের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বিস্ফোরকটি কোথা থেকে এলো বা কীভাবে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারেননি। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের উৎস ও প্রকৃতি নিশ্চিত করতে ঘটনাস্থলের আলামত পরীক্ষা করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
