রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকার ত্রাস জিসান গ্রুপের তিন সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাতে মালিবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ জিসান গ্রুপের অন্যতম সহযোগী মাদক কারবারি স্বাধীন আহমেদ রনি, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সোহাগ ও মেহেদী হাসান। গতকাল সোমবার র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন শাহজাহানপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ফায়েজুল আরেফীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মালিবাগে রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাইনিজ চাপাতি, সুইচ গিয়ার চাকু ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ৭.৬৫ মি. মি. বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফায়েজুল আরেফীন আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন জিসান গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসার কথা জানায়।
