নতুন পরিচয়ে পার্নো মিত্র

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র এবার সিনেমা বানাবেন। অভিনয়ের পাশাপাশি প্রথমবার প্রযোজক হিসেবে নাম লেখালেন তিনি। তার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দ্য মিউজিক টিচার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির নামভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। এই সপ্তাহেই কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হচ্ছে। 

‘দ্য মিউজিক টিচার’-এর মাধ্যমেই পার্নো মিত্র তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘আনস্ক্রিপটেড কো’-এর যাত্রা শুরু করছেন। ছবিটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। বলিউডের বেশ কিছু নামী ছবির সম্পাদক আরতি বাজাজ এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। ছবিতে রাইমার সঙ্গে দেখা যাবে নিরঞ্জন মণ্ডলকে। পার্নো বলেন, ‘কাজের সূত্রেই আমার শ্রীময়ীর সঙ্গে আলাপ। একসঙ্গে কাজ করে দেখেছি, বেশ ভালোলাগে। রাইমাকে বলেছিলাম, আমি কোনোদিন কিছু প্রযোজনা করলে, প্রথমে তাকে নেব। সেটাই করছি।’ 

জানা গেছে, শ্রীময়ী চক্রবর্তীর মায়ের জীবন থেকে অনুপ্রাণিত ‘দ্য মিউজিক টিচার’-এর প্রেক্ষাপট উত্তর কলকাতা। গল্পটা এক তরুণকে ঘিরে, যিনি বিষণ্নতার সঙ্গে লড়াই করছেন এবং রবীন্দ্রসঙ্গীতের এক শিক্ষিকার মাধ্যমে জীবনে নতুন করে বাঁচার পথ খুঁজে পান। ছবিটি রবীন্দ্রসঙ্গীত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসা শিক্ষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে এটি মানবিক সম্পর্ক ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার লড়াইকে তুলে ধরবে। 

পার্নোর ভাষ্য, ‘দুই দশকের বেশি সময় অভিনেত্রী হিসেবে কাজ করার পর এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আমার নতুন সৃজনশীল যাত্রার সূচনা হচ্ছে। আমাদের প্রথম প্রযোজনা হিসেবে এই এটি ‘আনস্ক্রিপটেড কো’-কে ঘিরে আমার যে স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি, তারই সূচনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত