মালয়েশিয়ার সঙ্গে খেলবেন সাব্বির-শামীম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

বাংলাদেশ জাতীয় দলে ফেরার লড়াইয়ে নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান ও শামীম হোসেন। টি-টোয়েন্টি ঘরানার দুই আগ্রাসী ব্যাটারকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাব্বির-শামীমরা।

আগামী শনিবার ও সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এই সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে এইচপি কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছে বিসিবি। আগে যেখানে মূলত অনূর্ধ্ব-১৯ কিংবা উদীয়মান ক্রিকেটারদের নিয়েই এইচপি দল গঠন করা হতো, এখন সেখানে জাতীয় দলের আশপাশে থাকা কিংবা বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এরই অংশ হিসেবে জায়গা পেয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরএবং সম্প্রতি দল থেকে বাদ পড়া শামীম। একই সঙ্গে স্কোয়াডে আছেন সম্প্রতি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা পেসার আব্দুল গাফফার সাকলাইন। এইচপি দলে সুযোগ মিলেছে অলরাউন্ডার আবু হায়দার রনিরও।

দলের নেতৃত্বে থাকছেন স্পিনিং অলরাউন্ডার এসএম মেহরব হোসেন। তরুণ টপ অর্ডার ব্যাটার জিসান আলম ও জাওয়াদ আবরারও সুযোগ পেয়েছেন নিজেদের সামর্থ্য তুলে ধরার। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলও রয়েছেন এই দলে। পেস বিভাগে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে মালয়েশিয়া দল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বাংলাদেশ এইচপি দল

মেহরব হোসেন, জিশান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত