গদি বাঁচাতে মরক্কোতে ফিফার জরুরি বৈঠকের ডাক ইনফান্তিনোর

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব ভেস্তে যাওয়ার পর চরম সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের সভাপতি পদ টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধস সামাল দিতে বুধবার মরক্কোর রাজধানী রাবাতে ফিফার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সংকটকালীন বৈঠক ডেকেছেন তিনি। 

সেই সঙ্গে ইনফান্তিনো বিভিন্ন সদস্যদেশের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সভাপতি পদ টিকিয়ে রাখতে ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা ফিফার ২১১ সদস্যদেশের অনেক ফুটবল সংস্থার কাছে তাঁর পক্ষে সমর্থন জানাতে অনুরোধ করছেন। এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে ইনফান্তিনো পাশে দাঁড়িয়েছে। এমনকি ইনফান্তিনোর দীর্ঘদিনের মিত্র সৌদি আরবও এখন পর্যন্ত সমর্থনের ঘোষণা দেয়নি। এদিকে, জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন সরাসরি ফিফার বিরুদ্ধে "ব্ল্যাকমেইল"-এর অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ইনফান্তিনোকে সমর্থন করবেন না।

এ পরিস্থিতির মধ্যেই গতকাল মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তাঁর দাবি, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধানে ফিফা সহায়তা করবে—বিশ্বকাপ চলাকালে তাঁকে এমন বার্তা দেওয়া হয়েছিল। প্রিন্স আলীর ভাষায়, এটি ‘ব্ল্যাকমেল’ ছাড়া আর কিছু নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রিন্স আলী বলেন, ‘আগেও আমরা তাঁকে সমর্থন করিনি, এখনো করব না। পুরো বিষয় ব্ল্যাকমেলের শামিল, আর আমরা মাথা নত করব না।’

জর্ডান ফুটবলপ্রধান আরও অভিযোগ করেন, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ার পরও তাঁদের প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করা হয়নি। একই সঙ্গে সাম্প্রতিক বিশ্বকাপে টিকিট থাকা সত্ত্বেও অনেক জর্ডান সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাননি। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য জর্ডানের প্রাইজমানিও যুক্তরাষ্ট্রে করের আওতায় পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত