এফবিসিসিআইতে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনায় সহযোগিতার জন্য ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দেশের ৭টি চেম্বার এবং ৯টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির পর এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক মঙ্গলবার এ সংক্রান্ত অফিস স্মারক জারি করেন।

অফিস আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী প্রশাসককে সহায়তা দিতে এ কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে কমিটির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

চেম্বার গ্রুপ থেকে সহায়ক কমিটির সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।

অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সদস্য হয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ)-এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

এ বিষয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফেডারেশনের কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন হলে কমিটির পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক মাস পদটি শূন্য ছিল। নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বড় সাংগঠনিক উদ্যোগ।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জোরালো হয়। সদস্যদের একাংশের দাবির মুখে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়। প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান। তার সময়ও একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রশাসকের অধীনেও নতুন সহায়ক কমিটি গঠন করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত