ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে গত সোমবার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬০ হেক্টর বনভূমি পুড়ে গেছে বলে বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। সূত্র রয়টার্স।
মাউন্ট ব্রোমো ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ট্রাক, পানিবাহী ট্যাংকার এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আগুনের সক্রিয় কেন্দ্রগুলো (হটস্পট) শনাক্ত করে সেখানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে দুর্গম ও খাড়া পাহাড়ি ভূখণ্ডের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রবল বাতাসের কারণে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আগুনে বিস্তীর্ণ এলাকা পুড়ে কালো হয়ে গেছে। গাছপালার পাতা ধূসর হয়ে গেছে এবং অসংখ্য গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সোমবার থেকেই জাতীয় উদ্যানের কয়েকটি অংশ পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
