বগুড়ার ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দালাল চক্রের মাধ্যমে সৌদি আরবে গিয়ে রহস্যজনক ভাবে নিহত শাহাদত হোসেনের স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে প্রায় ২ ঘন্টাব্যপী থানার প্রধান গেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
নিহতের স্বজন ও গ্রামবাসী জানায়, উপজেলার জোরশিমুল গ্রামের হতদিরদ্র জামাল আকন্দের ছেলে দিনমজুর শাহাদত হোসেন প্রায় ৬ মাস আগে স্থানীয় আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। কিন্ত সেখানে দালল চক্রের প্রতিশ্রুতি অনুয়ায়ী কাজ না পেয়ে অনাহারে ধুকে ধুকে মারা যান শাহাদত। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে শাহাদতের মৃত্যুর খবর আসে। অনেক চেষ্টার পর বুধবার রাতে শাহাদতের মরদেহ জোড়শিমুল গ্রামে আনা হয়।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ দাফনের পর নিহতের স্বজন ও এলাকাবাসি জোড়শিমুল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি ধুনট থানার সামনে পৌঁছায়। সেখানে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শাহাদাত হোসেনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানান।
