রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে সিদ্ধেশ্বরীর র্যাংগস গার্ডেন প্যালেস ভবনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ওসি ইয়াসিন আলী বলেন, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরীতে তার বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসায় রমনা থানা পুলিশ তার বাসায় যায়। নজরুল ইসলাম টের পেয়ে আটতলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশের নিষেধ সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
