জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা আন্দোলনের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেন, ফ্যাসিবাদকে বিদায় করা গেলেও এর শেকড় এখনো পুরোপুরি নির্মূল হয়নি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকারের প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। দেশের পরিবর্তনে তরুণদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসনামলে দেশের অর্থনীতিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলসহ ভিন্ন মতামতকে অগ্রাহ্য করে এক ব্যক্তির শাসনে পরিণত করা হয়েছিল দেশকে। ফলে দীর্ঘদিনের শোষণ, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা, গুম-খুন-হত্যাসহ বহু পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান।
