মেহেরপুরে ২ কিশোরকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম

পাবজি ও ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে স্কুলছাত্র আবির হত্যা মামলায় তার দুই বন্ধুর একজনকে ১০ বছর এবং অন্যজনকে ৭ বছর সাজা দিয়েছে আদালত। কারাদন্ডের পাশাপাশি তাদের ১৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে মেহেরপুর জেলা প্রশাসককে। এ ছাড়া রায় ঘোষণার সময় ফ্রি ফায়ার ও পাবজি গেমের সব ধরনের অ্যাপস অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকেও নির্দেশ দেওয়া হয়। গতকাল বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা থেকে জানা গেছে, ২০২১ সালের ২৬ জুন উপজেলার মিনাপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র আবির তার পাবজি গেমের পাসওয়ার্ড দিতে না চাইলে তারই দুই বন্ধু তাকে একটি কক্ষে আটকে রাখে। সেখানে নির্যাতন শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

মৃত্যু নিশ্চিত করতে প্যান্টের বেল্ট খুলে আবিরের গলায় ফাঁস দেওয়া হয়। এরপর আবিরের মোবাইল থেকে তার মালয়েশিয়া প্রবাসী বাবার ইমোতে ফোন দিয়ে হিন্দি ভাষায় এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে স্বজনরা বিষয়টি ৯৯৯-এ জানালে পুলিশ অভিযান চালিয়ে আবিরের দুই বন্ধুকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের মানিকদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে আবিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবিরের মা রোজিনা খাতুন গাংনী থানায় হত্যা মামলা করেন। পরে গ্রেপ্তার দুই কিশোর আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত