রাজধানীর সবুজবাগ থানার মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা (২০) এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে দেহের এই খণ্ডিত অংশ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়েছে। হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। তিনি জানান, নিহত তরুণীর বয়স হবে আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহের বিভিন্ন অংশ খণ্ড খণ্ড করে কালভার্টের নিচে ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদারটেক বাগানবাড়ি এলাকার ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয় পথচারীদের। একপর্যায়ে স্থানীয় লোকজন ব্রিজের নিচে একটি কাটা মাথা ভাসতে দেখেন। পাশেই তল্লাশি চালিয়ে শপিং ব্যাগের ভেতর দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে সবুজবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
