কিশোরগঞ্জে এক পরীক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র দুজন পরীক্ষার্থী। তবে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন ১৭ জন করে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফলে দুটি কেন্দ্রেই দেখা যায় ব্যতিক্রমী চিত্র।

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০৫ জন। তবে এদিন ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন শুধু এক পরীক্ষার্থী। তিনি হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নীলগঞ্জের শিক্ষার্থী রাকিব মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জের মহিনন্দ এলাকায়।

এ কেন্দ্রে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। এ ছাড়া দুজন সহকারী হল সুপার, দুজন কক্ষ পরিদর্শক, পাঁচজন সহায়ক কর্মচারী, তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। অন্যদিকে তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও একই বিষয়ে পরীক্ষায় অংশ নেন মাত্র এক পরীক্ষার্থী। তিনি প্রিয় রঞ্জন বর্মন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দামসুর এলাকায়। এ কেন্দ্রেও একজন পরীক্ষার্থীর জন্য ১৭ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত