ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ছাগলনাইয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
