আত্মসমর্পণ না করায় সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:১৬ এএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ না মানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পিবিআই নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের রাজধানীর কল্যাণপুর ইউনিটের পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা অনুযায়ী হাফিজুর রহমানের গত শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে কুমিল্লার আদালতে আত্মসমর্পণের কথা। তবে তিনি নির্দেশ অমান্য করায় আদালতের আদেশের কপি পেয়ে গতকাল সকালে কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দক্ষিণ কল্যাণপুর (অর্গানাইজড ক্রাইম-উত্তর) শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও হাফিজুরকে পুনরায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ আগস্ট হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। এরপর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। তবে গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনের শুনানি করলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করেন এবং হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, তনু হত্যাকা-ের সময় হাফিজুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। চলতি বছরের ২১ এপ্রিল কেরানীগঞ্জের বাসা থেকে তাকে প্রথম গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তার ডিএনএ নমুনা সংগ্রহের পর তিন দিনের রিমান্ড শেষে ২৫ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত