দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৯৮ জনসহ মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে কারও মৃত্যুই নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে-এমন তথ্য পাওয়া যায়নি। এ সময়ে ৭৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৯৮৮ জন।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে হামের এই প্রাদুর্ভাব শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৯৮ জনসহ মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০। এর মধ্যে ১৭ হাজার ১১৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
