১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করছিল। আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন।
সাইফুল ইসলাম বলেন, এ সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে তাকে থানায় নিয়ে আসেন।
