কাবিনের টাকা শোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে আলমগীর (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় বিয়ের ১৫ লাখ টাকা কাবিন পরিশোধ করতে না পারায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি স্বজনদের।

গত শনিবার রাতে মাতুয়াইলের গোবিন্দপুর কবরস্থান রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার ভোরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দীন জানান, শনিবার রাত ১২টার দিকে খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আলমগীর আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আলমগীরের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানান, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর আলমগীরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছরের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু ১০-১৫ দিন আগে আলমগীর পাশের বাসার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ১৫ লাখ টাকা দেনমোহরে ওই তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী কাবিনের টাকার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলমগীর তাকে মারধর করতেন। দ্বিতীয় বিয়ের কাবিনের টাকা পরিশোধ করতে না পারার চাপ থেকে আলমগীর আত্মহত্যা করেছেন। আলমগীর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মদন গ্রামের প্রয়াত ছনু মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত