ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ৬৭২

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। এ বছর এক দিনে এটা সর্বোচ্চসংখ্যক ভর্তি। এই নিয়ে চলতি মাসের ৯ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫ জনে।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৫ ও সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৫১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৭ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত