রাজধানীর কামরাঙ্গীরচর রহমতগঞ্জ বেড়িবাঁধের পাশ থেকে মানুষের দুটি খ-িত হাত উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে পুলিশ রহমতগঞ্জ লোহার ব্রিজ-সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে অর্ধগলিত হাত দুটি উদ্ধার করে। গতকাল রবিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
সুরতহাল প্রতিবেদনে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল উল্লেখ করেন, বেড়িবাঁধের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরেকটি হাত পড়ে আছে। বাহু থেকে বিচ্ছিন্ন হাতটি ডিএমসিএইচ ২০২৪-২৫ অর্থবছর লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল।
তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর বিচ্ছিন্ন হাত দুটি সেখানে ফেলে গেছেন কোনো রোগীর স্বজনরা। তবে অন্য কোনো ঘটনা রয়েছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। হাতের অংশ দুটি একই ব্যক্তির কিনা এবং নারী নাকি পুরুষের সে বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়েছে। ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দুটি খ-িত হাত উদ্ধারের পর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। খ-িত হাতের উদ্ধারের ঘটনায় পরিচয় শনাক্ত না হওয়ার কারণে এখনো মামলা হয়নি।
