ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের বন্দরনগরী মোচায় হুথিদের হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১০ আগস্ট) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, নিহতদের মধ্যে চারজন সশস্ত্র বাহিনীর সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক। হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন।
সামরিক বাহিনী আরও জানায়, হামলায় অংশ নেওয়া হুথিদের ১১টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।
হুথি-সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দাবি করেন, এসব হামলার লক্ষ্য ছিল সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম।
তবে ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, হুথিদের হামলায় মোচার আবাসিক এলাকাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
