টানা ৬ বলে ৬ ছক্কার নতুন কীর্তি ইংলিশ ব্যাটারের

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

ইংল্যান্ডের 'মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ'-এ হ্যাম্পশায়ার ও সাসেক্সের মধ্যকার গ্রুপ-বি'র ম্যাচে অবিশ্বাস্য এক ব্যাটিং তাণ্ডব দেখালেন টবি অ্যালবার্ট। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেটপ্রেমীদের স্যার গারফিল্ড সোবার্সের ঐতিহাসিক কীর্তির কথা মনে করিয়ে দিলেন এই হ্যাম্পশায়ার ব্যাটার। হ্যাম্পশায়ারের ৩৮৩ রানের বিশাল পাহাড় তাড়া করতে নেমে ৩৩২ রানে অলআউট হয় সাসেক্স। ফলে ৫১ রানের চমৎকার জয় পায় হ্যাম্পশায়ার।

টসে হেরে ব্যাট করতে নেমে হ্যাম্পশায়ারকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার—আলি অর (১০৫) এবং ১৮ বছর বয়সী তরুণ বেন মেস (১০৯)। উদ্বোধনী জুটিতে ২২৫ রান যোগ করেন তাঁরা, যার ওপর ভর করে লিস্ট-এ ক্রিকেটে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৩ রানের পাহাড় গড়ে হ্যাম্পশায়ার।

তবে ম্যাচের আসল আকর্ষণ হয়ে ওঠেন ৩ নম্বর ব্যাটার টবি অ্যালবার্ট। মাত্র ৩৭ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসের মাঝেই তিনি টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান। ন্যান্টেস ওস্টহুইজেনের শেষ দুই বলে জোড়া ছক্কার পর অলি কার্টলির পরের ওভারের চার বলে পরপর চারটি ছক্কা হাঁকিয়ে ওভারভিত্তিক এই কীর্তি গড়েন তিনি।

এ তো গেলো মুখোমুখি হওয়া ছয় বলে ছয় ছক্কার ঘটনা। ক্রিকেটে এক ওভারেই ছয় ছক্কার বেশ কয়েকটি ঘটনা আছে। প্রথম ঘটনাটি ঘটিয়েছিলেন সদ্য প্রয়াত স্যার গারফিল্ড সোবার্স।  ১৯৬৮ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামরগনের বোলার ম্যালকম ন্যাশের ওভারে প্রথম ছয় ছক্কা মেরে বসেন ক্যারিবিয়ান কিংবদন্তী। এরপর ভারতের রবি শাস্ত্রী ১৯৮৫ সালে ভারতের ঘরোয়া  প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে বরোদার বোলার তিলক রাজের এক ওভারে ৬টি ছক্কা মারেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা

  • হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা) ২০০৭: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কীর্তি গড়েন তিনি  ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বোলার ড্যান ভ্যান বুঞ্জের এক ওভারে। 
  • যুবরাজ সিং (ভারত) - ২০০৭: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরে ইতিহাস গড়েন এই ভারতীয়
  • কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) - ২০২১: শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে স্পিনার আকিলা ধনঞ্জয়ার ওভারে তিনি এই কীর্তি গড়েন। 
  • জাসকরণ মালহোত্রা (যুক্তরাষ্ট্র) - ২০২১: ওমানের আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওয়ানডেতে গাউদি তোকার ওভারে এই কীর্তি গড়েন মার্কিন এই ব্যাটসম্যান। 
  • দীপেন্দ্র সিং ঐরী (নেপাল) - ২০২৪: এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কামরান খানের শেষ ওভারে ৬টি ছক্কা মারেন নেপালের এই অলরাউন্ডার। 

বিশেষ রেকর্ড (এক ওভারে ৭ ছক্কা!)

২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে ভারতের রুতুরাজ গায়কোয়াড় উত্তর প্রদেশের বিপক্ষে এক ওভারে ৭টি ছক্কা মেরে বসেন! বোলার শিবা সিংয়ের ওই ওভারের একটি বল নো-বল হওয়ায় ওভারটিতে মোট ৭টি বল হয়েছিল এবং রুতুরাজ প্রতিটি বলেই ছক্কা মেরে এক ওভারে ৪৩ রান তোলার বিশ্বরেকর্ড গড়েন।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত