ময়মনসিংহের ত্রিশালে চারজন দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে চারটি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বাছুর বিতরণের আগে তাঁদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রকল্পটির দ্বিতীয় ধাপে সোমবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুরগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সভাপতি মোখছের রহমান আশেকী, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিম এবং দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক আ.ন. ফারুকসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বকনা বাছুর লালন-পালনের মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবেন।
