নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিতে ট্রেন ও বাসে করে হাজারো শিক্ষার্থী ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জড়ো হয়েছেন। বিধানসভায় যাওয়ার পথে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এমন পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছিলেন, লাঠি নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। গত ২২ জুলাই তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
হাজারো শিক্ষার্থী বিধানসভায় পৌঁছে নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবি জানান। অনশনে থাকা আন্দোলনকারী নেতা দেবেন্দ্র মাহতোও মিছিলে অংশ নেন। পুলিশ জলকামান চালু করলে কয়েকজন শিক্ষার্থী পানির তোড়ের সামনে দাঁড়িয়ে নাচতে শুরু করেন, যা পাটনায় নিট আন্দোলনের সময়কার দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।
আন্দোলনের অন্যতম প্রধান কারণ জেপিএসসি ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ। ১৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের রাজি করাতে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সমাধান হয়নি। গতকাল ষষ্ঠ দফার আলোচনাতেও শিক্ষার্থীরা অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানালে কোনো সমঝোতা হয়নি।
রাজ্য সরকার দাবি করেছে, শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, বাতিলের দাবি জানানো ১৩টি পরীক্ষার মধ্যে সরকার মাত্র তিনটি বাতিল করতে রাজি হয়েছে। জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের নেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি থেকে তারা সরে আসবেন না। আন্দোলনের অংশ হিসেবে ছয়জন শিক্ষার্থী এখনো অনশন করছেন।
রাঁচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড বসানোর পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অধিকাংশ স্কুলও আজ বন্ধ রয়েছে। রাজধানীতে শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে বিভিন্ন জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কে বাস ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন বিজেপি নেতারাও।
নিয়োগ পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে গতকাল জেপিএসসিতে বড় ধরনের পরিবর্তন আসে। সিআইডির তলবের পর কমিশনের তিন সদস্য পদত্যাগ করেন। এর আগে মুখ্যমন্ত্রী সোরেন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচি, ব্যারিকেড ভাংছে শিক্ষার্থীরা