অ্যাথলেটিকস থেকে নিষিদ্ধ হচ্ছে জান্নাত বেগম ও কবিতা রায়। লিঙ্গ সমস্যার কারণে চিকিৎসা মূল্যায়নের পর নারী বিভাগে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে বড় ধাক্কায় পড়েছেন বাংলাদেশের এই দুই জাতীয় রেকর্ডধারী অ্যাথলেট। গত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তাদের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে জমা দিয়েছে। আগামী শনিবার নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে।
বোর্ডের প্রতিবেদনে জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯ এনমোল/লিটার এবং কবিতার ১৬ এনমোল/লিটারের বেশি পাওয়া গেছে বলে জানানো হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সের নারী বিভাগে অংশগ্রহণের জন্য নির্ধারিত ২.৫ এনমোল/লিটারের সীমার তুলনায় এই মাত্রা অনেক বেশি। জান্নাত ও কবিতার যোগ্যতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে বিরোধের পর গত বছরের আগস্টে বিষয়টি মূল্যায়নের সুপারিশ করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আপিল বোর্ড। পরে অক্টোবরে বিএমইউতে মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন জানিয়েছেন, আগামী শনিবার নির্বাহী কমিটির সভায় মেডিকেল প্রতিবেদন উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে শর্তসাপেক্ষে অংশ নেওয়া জান্নাতের দুটি সোনা ইতোমধ্যে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আগের অর্জনগুলোর বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। দুই অ্যাথলেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিংবা অ্যাথলেটিক্স থেকে নিষেধাজ্ঞার সম্ভাবনাও রয়েছে।
কবিতা রায় এক সময় জাতীয় রাগবি দলেরও সদস্য ছিলেন। এ বিষয়ে রাগবী ফেডারেশনের সহসভাপতি মৌসুম আলী বলেন, ‘অ্যাথলেটিকস যদি তাকে নিষিদ্ধ করে, তাহলে আমাদেরও একই পথে হাটতে হবে।’
