ক্যাডেট কলেজে ঈর্ষণীয় ফল

জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:৩১ এএম

এবারের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলোতে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজে ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্য অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। এ ছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত