ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৫৫ বছর) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করার পর পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের দাগ রয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে লোকজনের চলাচল না থাকায় কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা কেউ সরাসরি দেখতে পাননি।
তবে বাসিন্দারা জানান, গত ৩-৪ দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় একা একা ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি প্রায়ই একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং হাসতেন। এতে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় তিনি প্রাণ হারিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, নিহত নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নদীতে গোসলে নেমে নিখোঁজ শতবর্ষী নারীর লাশ উদ্ধার 