ময়মনসিংহের নান্দাইলে ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী থাকা একটি মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নেরর কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসায়। এমন ফলে প্রতিষ্ঠানটির পাঠদান, অ্যাকাডেমিক তদারকি ও শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করেন এলাকাবাসী।
গত সোমবার দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নান্দাইল উপজেলার ৩৩টি মাদ্রাসার ফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া যায়। উপজেলার অন্য কোনো মাদ্রাসায় পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য না হলেও কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসার পাঁচ পরীক্ষার্থীর সবাই
ফেল করেছে।
সুপার আকলিমা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন-ভাতা এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মনোবল ভেঙে পড়েছে। শিক্ষকদের তদারকিও তেমন ছিল না। ফলে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারেনি।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম বলেন, কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত নয়। ফলে সেখানে শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতার ব্যবস্থা নেই। এ কারণে প্রতিষ্ঠানটির ওপর তাদের তদারকিও তেমন নেই। তাছাড়া অন্য বছরের তুলনায় এ বছর পরীক্ষা অনেক বেশি কড়াকড়ি হয়েছে। এর প্রভাব ফলেও পড়েছে।