কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সম্মুখে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে এ ঘটনার একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে, তা আগে থেকেই আমরা জানতে পেরেছি।’ বিষয়টি পূর্বেই তারা পুলিশকেও জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে।’