ফুটপাতে দোকান বসানো দ্বন্দ্ব

নিউমার্কেট এলাকায় যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে রাত সাড়ে ১০টার দিকে আহতরা ঢাকা মেডিকেলে আসেন।

আহতদের কাছ থেকে জানা যায়, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলা কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্য সচিব একেএম চঞ্চল, ১৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার ও সদস্য সচিব শাহাদাত; সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে। পরে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন গ্রুপের ছাত্ররা প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে আবার সংঘর্ষ বাধে। এতে এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা-পাল্টাহামলা ও আতঙ্ক সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান, ইমরান হোসেন। এ ছাড়া চঞ্চল গ্রুপের জাকির নামে দুজন, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব।

জানা যায়, নিউমার্কেট এলাকার ৩৫০টির বেশি দোকান থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলেন যুবদল নেতা চঞ্চল। একাধিক হকার জানিয়েছেন, দোকানপ্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। অন্যথায় দোকান তুলে দিয়ে নতুন হকার বসায়। পরে মীমাংসার কথা বলে চঞ্চল নিজেই চাঁদার হার নির্ধারণ করে দেন। বেশ কয়েক দিন আগে জুতাপট্টির এক দোকানি ঠিকমতো চাঁদা না দেওয়ায় দুদিন দোকান করতে দেয়নি। গাউছিয়া মার্কেট গেটের সামনে ৯টি দোকান বন্ধ করে দেয় চঞ্চলের লোকজন। পরে চাঁদা দেওয়ার শর্তে চঞ্চল দোকান খোলার অনুমতি দেন। তবে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে ফুটপাতে দোকান বসাতে আসে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। সেখানে আগ থেকে চঞ্চল হকার বসিয়ে টাকা নিচ্ছেন। এ সময় খবর পেয়ে চঞ্চল লোকজন নিয়ে হামলা চালায়।

নিউমার্কেট থানার মোহাম্মদ আইয়ুব বলেন, প্রথমে যুবদলের চঞ্চল ও তার লোকজন ছাত্রদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঢামেক সূত্রে জানা গেছে, সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসে। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত