রাজধানীর শাহজাহানপুর এলাকায় স্ত্রী স্বপ্না খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো. রুবেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রুবেল মিয়া মাদকাসক্ত এবং বর্তমানে কর্মহীন। দাম্পত্য কলহের জেরে স্বপ্না খাতুন দুইবার রুবেল মিয়াকে ডিভোর্সের নোটিস দিয়েছিলেন। তবে রুবেলের অনুরোধে তারা পুনরায় সংসার শুরু করে। গত ৭ আগস্ট রুবেল স্ত্রীকে মারধর করে। পরের দিন পারিবারিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় রুবেল তার স্ত্রীকে আর মারধর করবেন না বলে জানায়। কিন্তু ওই রাতেই পুনরায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয় এবং হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। পরদিন ৯ আগস্ট সকালে ভিকটিম স্বপ্না খাতুন ভাঙা জিনিসপত্র দেখতে পেয়ে রুবেলকে বাসা থেকে চলে যেতে বলেন। এ সময় রুবেল স্বপ্নাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খাটের ওপর স্বপ্না খাতুনের মরদেহ দেখতে পান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রুবেল মিয়া হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তিনি আদালতেও দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।