বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। নতুন সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলা’ পরামর্শ দেওয়া হয়েছে। কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে ঘিরে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতার আশঙ্কার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্র্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে কানাডীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রমণের আগে কানাডা সরকারের ওয়েবসাইটে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করার কথাও বলা হয়েছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণ না করতে নিজ নাগরিকদের নিরুৎসাহিত করেছে দেশটির সরকার। এর কারণ হিসেবে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নিয়ে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদেও সেই সতর্কতা বহাল রাখা হয়েছে।