হাসান-এবাদতদের তোপে ডারউইন টেস্টের শুরুটা বাংলাদেশের 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম

ডারউইন টেস্টে টসে জিতে শুরুটা ঠিকঠাকই করেছিল স্বাগতিকরা। এই শহরের ছেলে জেক ওয়েদারাল্ডকে নিয়ে দেখেশুনেই খেলছিলেন আরেক ওপেনার ট্রাভিস হেড। হয়তো ওপেনিংয়েই বড় জুটির আশা দেখছিল অজি সমর্থকেরা। তবে হাসান মাহমুদ যেন ভেবে রেখেছিলেন ভিন্ন পরিকল্পনা। নিজের পরপর দুই ওভারে জোড়া উইকেটে দুই ওপেনারকে ফিরিয়ে ডারউইনে এক অন্যরকম সকালের শুরু এনে দেন এই ডানহাতি বাংলাদেশি পেসার। 

হাসানের পেস তোপে একে একে নাম লেখান এবাদত হোসেন ও তাসকিন আহমেদও। এতে প্রথম সেশনেই ২২ ওভারের মধ্যে শুরুর ৪ ব্যাটার মাপেন সাজঘরের রাস্তা। স্কোরবোর্ডে রান তখন কেবল ৭৪। তবে লাঞ্চ বিরতির পর স্ট্রিভ স্মিথ ও অ‍্যালেক্স ক্যারি ধীরস্থির ব্যাটিংয়ে শুরুর সেই চাপ সামলে নেওয়ার পথে এগোচ্ছিল অজিরা। তবে সেখানে এবার বাগড়া দেন এবাদত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১৩৮ রান। 

৭ বলের মধ্যে হাসানের ২ উইকেট

প্রথম উইকেটটা হতে পারত এবাদতের। নবম ওভারে এসে ইনিংসে প্রথমবার বল হাতে পান তিনি। এসেই যেন টার্গেট করে ফেলেছিলেন ট্রাভিস হেডকে।  দুবার পরাস্তও করেছেন দারুণ ডেলিভারিতে। আর পঞ্চম বলে এলবিডব্লুর আবেদনে রিভিউ নিলে সেখানে অবশ্য ব্যর্থ হয় সফরকারীরা।

তবে শুরু চমক পরে আসে হাসানের হাত ধরে। ১২তম ওভার কট বিহাইন্ডে ফেরান ওয়েদারাল্ডকে (২৩)। নিজের পরের ওভারে এবার হাসানের দ্বিতীয় শিকার হেড (২২)। আগের বলে হেড বাউন্ডারি মারলেও পরের বলে বোল্ড করে তাকে বাউন্ডারি পেরিয়ে ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেন হাসান।

পেস আক্রমণে নাম লেখান এবাদত-তাসকিনরাও

হাসানের পেস তোপে শুরু দুই ব্যাটারকে হারিয়ে যখন চাপ সামাল দেয়ার রাস্তা খুজছিল অজিরা, সেখানেই হাজির এবাদতে স্যালুট। হ্যাঁ, ১৯তম ওভারে অজিদের ৬১ রানের সংগ্রহের মাথায় মারনাস লাবুশেনকে (১) ফিরিয়ে নিজের সেই চিরচেন উদযাপনে মাপেন ৩২ বছর বয়সী এই পেসার। পরে প্রথম সেশনের শেষ ওভারে ক্যামেরন গ্রিনের (১৩) উইকেট তোলেন তাসকিন।  

দ্বিতীয় সেশনে স্মিথ-ক্যারির জুটি ভাঙলেন এবাদত

শুরুর চাপ সামলে অনেকটাই থিতু হবার পথে এগোচ্ছিল স্মিথ-ক্যারি জুটি। দুজনে মেলে স্কোরবোর্ডে যোগ করে ফেলেছেন ৫০ রান। তবে সেখান থেকে তাদের জুটি আর বেশিদূর এগোতে দিলেন না এবাদত। ৩৭তম ওভারের প্রথম বলে বোল্ড করে ফেরান অজিদের উইকেটরক্ষক ব্যাটার ক্যারিকে (১৩)। অজিদের সংগ্রহ তখন ৫ উইকেটে ১২৯ রান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিজের উইকেট সামলে ৩৮ রানে অপরাজিত আছেন অজিদের তারকা ব্যাটার স্মিথ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত