সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদিভিত্তিক আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (১৬ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি এবং শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই আনন্দিত।'
তিনি আরও লিখেছেন, 'এটি দেখাচ্ছে, কীভাবে মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং কীভাবে দেশগুলো শেষ পর্যন্ত আরও কার্যকর ও অর্থবহ উপায়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।' চুক্তিটিকে তিনি 'বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ' বলে উল্লেখ করেন।
গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চুক্তিটিতে স্বাক্ষর করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির আওতায় কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। মন্ত্রণালয় বলেছে, চুক্তিটির উদ্দেশ্য হলো 'সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করা।'
চুক্তিতে তিন দেশ তাদের সম্মিলিত নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং অঞ্চল ও এর বাইরেও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় 'অভিন্ন অঙ্গীকার' ব্যক্ত করেছে।