রেললাইনে পানি জমে যাওয়ার কারণে সোমবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকে পড়েছে।
জানা গেছে, প্রথম শাটল ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে চবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর সকাল ৭টা ৪০ মিনিটে দ্বিতীয় ট্রেনটি বটতলী স্টেশন ছাড়ে। তবে দুটি ট্রেনই ষোলশহরে গিয়ে আটকা পড়ে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সকালে প্রথম ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর সকাল ৮টা ৪০ মিনিটে ক্যাম্পাস স্টেশন থেকে পুনরায় শহরের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল।
এ বিষয়ে ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন জানান, ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি অংশের রেললাইনে প্রচুর পানি জমা হয়েছে। ফলে নিরাপদে শাটল ট্রেন চলাচল অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তবে ট্রেন যোগাযোগ দ্রুত পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ট্রেনে আটকে থাকা একাধিক শিক্ষার্থী জানান, প্রথম শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলেও ষোলশহর স্টেশনে আসার পর লাইনে পানি থাকায় থেমে যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানান, সকালে ষোলশহর স্টেশনে আটকে থাকা শিক্ষার্থীদের বিকল্প উপায়ে বাসে করে যেন ক্যাম্পাসে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে।
চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, শাটল ট্রেন বন্ধ