চট্টগ্রাম নগরীর টোল রোড এলাকায় গাড়িচালক সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং থানার নুরুল আমিন, কুমিল্লার দেবীদ্বারের শাহজাহান এবং ফেনী সদর উপজেলার নুরুল আলম টুটুল।
দণ্ডিতদের মধ্যে নুরুল আলম টুটুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গাড়িচালক সজিবের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহত সজিবের ছোট ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে মামলা করেছিলেন।
ফেনী সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ