‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা উৎসব

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

‘রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি একটি কালোত্তীর্ণ গ্রন্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘অনেক রাজনীতিবিদ আছেন, যাদের আমরা ভুলে যেতে বসেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন এবং রাজনীতিকে শক্তিশালী করার পেছনে তাদের যথেষ্ট অবদান ছিল। মারুফ কামাল খান তাদের সামনে নিয়ে এসেছেন। এটা শুধু সাংবাদিকতার অনুসন্ধিৎসুতা নয়, একজন সাংবাদিক এবং সচেতন রাজনৈতিক কর্মীর অনুভূতি থেকে এটি তৈরি হয়েছে। আমার ধারণা, এই বইটি কালোত্তীর্ণ হবে ইনশাআল্লাহ।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক মারুফ কামাল খানের লেখা বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বইটি পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এর মধ্যে বোঝার ও শেখার অনেক বিষয় আছে। বেশ কিছু তথ্য আছে, যা আগে আমিও জানতাম না। যেমনÑ এক জায়গায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব ও তৎকালীন এক তরুণী অভিনেত্রীকে নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে একটি ঘটনার কথা তিনি লিখেছেন। এই বইটি না পড়লে এ ধরনের আরও অনেক অজানা বিষয় জানা হতো না।’

বইটির লেখক সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘এ দেশের রাজনীতিতে যারা নন্দিত, তাদের কথা বলার লোক অনেক আছে। কিন্তু যারা কোনো না কোনো কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন বা নিন্দিত হয়েছেন, তাদের জীবনের রাজনীতির ভালো দিকগুলোও মারুফ কামাল খান এখানে তুলে ধরেছেন। যারা কিছুটা রিজেক্টেড হয়েছেন, তাদের মধ্যেও যে যোগ্যতা ও ইতিহাস আছে, তা তুলে ধরার মাধ্যমে মারুফ কামাল খান প্রমাণ করেছেন যে তিনি সাধারণ নন, অসাধারণ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, প্রকাশক সাঈদ বারী, আবিষ্কারের প্রকাশক দেলোয়ার হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত