স্থগিত হিসাবের তথ্য বিএফআইইউকে অবহিত করার নির্দেশ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানকে ওই হিসাবের স্থিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য অবিলম্বে বিএফআইইউকে জানাতে হবে। এ বিষয়ে দেশের সব রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৯ আগস্ট) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর আওতাভুক্ত সব রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

নির্দেশনায় বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী বিএফআইইউ কোনো হিসাব স্থগিতের আদেশ দিলে সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের স্থিতি এবং হিসাবটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য অবিলম্বে বিএফআইউকে জানাতে হবে।

বিএফআইইউ জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(ঘ) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট হিসাবের তথ্য জানানোর বিষয়টি থাকলেও নতুন নির্দেশনায় ওই হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও দ্রুত জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত