গুরুদাসপুরে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

নাটোরের গুরুদাসপুরে সরকারি সারের নীতিমালা অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স মিজান ট্রেডার্সের এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর রানা। এ সময় গুরুদাসপুর থানা-পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নির্দেশনা ও সারের নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ায় মেসার্স মিজান ট্রেডার্সের ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার জন্য তাকে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, কৃষকের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া এবং বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করছে। কোনো ডিলার নীতিমালা অমান্য করে অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা বিধিবহির্ভূত ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট কিংবা মূল্য নিয়ে কারসাজির সুযোগ যাতে কেউ নিতে না পারে, সে জন্য মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত