রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় দ্বিতীয় দিনের মতো সড়ক কাঁপিয়ে চলছে বিআরটিসির পিংক বাস। এই বাসের চালক, হেলপার, কন্ডাক্টর ও যাত্রী—সবাই নারী। নারীদের জন্য সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক যাত্রী।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় নারী চালক পরিচালিত পিংক বাস। বাসগুলোতে ছিল যাত্রীদের ভিড়। তবে বাসটি শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় বিষয়টি না জেনে অনেক পুরুষও পিংক বাসে ওঠার চেষ্টা করেন।
নারীবান্ধব ও নারীদের দ্বারা পরিচালিত মোট ১৪টি বাস চালু করেছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলছে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং বাকি বাসগুলো দ্বিতল।
পিংক বাসের এক যাত্রী শুভতারা (২৪) বলেন, প্রথমবার নারীচালিত বাসে যাত্রী হতে পেরে নিজের কাছে অনেক আনন্দ লাগছে। পাশাপাশি যাতায়াতের বিষয়টিও খুবই নিরাপদ মনে হচ্ছে। তিনি পল্টন থেকে আগারগাঁও যাবেন। তাঁর মতে, অন্যদিনের তুলনায় আজকের যাত্রা অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ।
আরেক যাত্রী মোহাম্মদ শাহানা খাতুন (৩৫) বলেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের নারীদের নিরাপদ যাতায়াতের এই পরিকল্পনা ভবিষ্যতে নারী হয়রানি, নিপীড়ন ও নির্যাতন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সচিবালয় থেকে মিরপুর-১ যাচ্ছেন। তাঁর ভাষায়, আজ বাড়ি ফেরার গল্পটা অন্যদিনের চেয়ে ভিন্ন—অনেক বেশি নির্ভয় ও নিশ্চিন্ত।
এদিকে জান্নাতি খাতুন বলেন, তিনি মৎস্য ভবন থেকে ফার্মগেট যাচ্ছেন। যে বাসে তিনি যাচ্ছেন, সেই বাসের চালকও তাঁর মতো একজন নারী। নারীদের এমন সাহসিকতা অন্য নারীদের অনুপ্রেরণা জোগায়। নারীদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে পিংক বাস চলাচল করছে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার-মতিঝিল রুটের বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটে চলছে।
রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও পিংক বাসকে ঘিরে চলছে নানা আলোচনা। কেউ মনে করছেন, এর মাধ্যমে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা হয়েছে। আবার কেউ মনে করছেন, এর ফলে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
যাত্রীদের প্রত্যাশা, নারীদের ইচ্ছাশক্তি, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এমন উদ্যোগের মাধ্যমে নারীরা আরও এগিয়ে যাবেন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে।