পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বলও ভাগ করে নিলেন রবিনসন-জশ টং

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:৫৮ এএম

হেডিংলি টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন এবং জশ টংয়ের জন্য ছিল যেন স্বপ্নপূরণের মতো। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন। 

৫ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই বিশেষ মুহূর্ত, আর তাই স্মারক হিসেবে ম্যাচ বল নিজের কাছে রাখা ক্রিকেট ঐতিহ্যেরই অংশ। তবে যখন দুজন বোলারই সমান ৫টি করে উইকেট নেন, তখন বলটি কার কাছে থাকবে?

হাসি মুখে জশ টং বিষয়টি খোলসা করে জানান, শুরুতে ম্যাচ বলটি রবিনসন নিজের কাছেই নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মাঠের গ্রাউন্ডসম্যান অনন্য এক সমাধান খুঁজে বের করেন—তিনি স্মারক হিসেবে পুরো ম্যাচ বলটিকে সমান দুই ভাগে কেটে দুজনকে ভাগ করে দেন!

রবিনসন ও টংয়ের এই জোড়া ফাইভ-উইকেট হলের ওপর ভর করে ইংল্যান্ড দিনশেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১১২ রান তুলে চালকের আসনে বসেছে

প্রথম বলেই উইকেট ও রবিনসন-টং জুটির তাণ্ডব

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের স্থায়ী অধিনায়কত্বে ফেরা জো রুট। অধিনায়কের সিদ্ধান্তকে প্রথম বলেই সঠিক প্রমাণ করেন অলি রোবিনসন। ইনিংসের প্রথম বলেই আজান আওয়াইসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি। ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজের প্রথম বলেই উইকেট পতনের ঘটনা এটিই প্রথম।

পাকিস্তান মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়লেও তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ইমাম-উল-হক (৪২) ও আবদুল্লাহ শফিক (৬১)। তবে চোট কাটিয়ে ওঠার পর বোলিংয়ে আসা জশ টং ইমামকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন।

এরপরই শুরু হয় টং ও রোবিনসনের পেস তাণ্ডব। রবিনসন নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন (৫১ রানে ৫ উইকেট)। অন্যদিকে, নিখুঁত লাইন-লেংথে বল করে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার ধ্বংস করে দেন জশ টং (৪৬ রানে ৫ উইকেট)। সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটাররা টংয়ের শিকার হন। ফলে ১৭১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

 

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে হারালেও অভিজ্ঞ জো রুট এবং তিন নম্বরে নামা জর্ডান কক্স দলের হাল ধরেন। দিন শেষে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত রয়েছেন তারা। রুট ৩৭ এবং কক্স ২৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (প্রথম দিন শেষে)

  • পাকিস্তান (১ম ইনিংস): ১৭১/১০ (৪৮.১ ওভার) (আবদুল্লাহ শফিক ৬১, ইমাম-উল-হক ৪২; অলি রোবিনসন ৫/৫১, জশ টং ৫/৪৬)
  • ইংল্যান্ড (১ম ইনিংস): ১১২/২ (২৫ ওভার) (জো রুট ৩৭, জর্ডান কক্স ২৩*; খুররম শাহজাদ ১/৩০)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত