এনায়েতপুরে বিএনপি নেতাকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির সাবেক নেতা খোকন মীরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার খামারগ্রামের মুদি পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

ভুক্তভোগী খোকন মীর এনায়েতপুর থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সদস্য। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

খোকন মীরের দাবি, একটি সালিশ বৈঠকে অংশ নিতে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় ‘বাবু’ নামে স্থানীয় এক ভ্যানচালক পেছন থেকে মোটা রড দিয়ে তাঁর পিঠে আঘাত করেন। আঘাতে মাটিতে পড়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, ছোট ভাইয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক জামায়াত নেতা ইন্ধন জুগিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তবে হামলার কারণ নিয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে মতভিন্নতা রয়েছে। খোকন মীরের ছোট ভাই মনির মীর জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে অভিযুক্ত ভ্যানচালক বাবুর স্ত্রীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরেই বাবু তাঁর ভাইকে মারধর করেন।

অন্যদিকে, খোকন মীরের চাচা মন্টু মীর জমিজমা সংক্রান্ত বিরোধের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “দুই নারীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই ওই নারীর স্বামী এ হামলা চালিয়েছে। তবে এর পেছনে কারও ইন্ধন আছে কিনা তা আমার জানা নেই।”

যদিও মীর পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, পারিবারিক ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভ্যানচালকের স্ত্রীকে দিয়ে জামায়াত কর্মী হিসেবে পরিচিত মন্টু মীর ও লুতু মোল্লা এই হামলার নেপথ্যে ভূমিকা রেখেছেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ভ্যানচালক বাবুর (পিতা: হারুন) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে এনায়েতপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনাটি সম্পর্কে প্রাথমিক তথ্য পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বিএনপি নেতারা বিএনপি সমর্থিত এই নেতার ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত