ছাত্রী হল এলাকায় ড্রোন উড্ডয়ন নিয়ন্ত্রণে নীতিমালা চায় জাকসু

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সংলগ্ন এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ এবং এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা নিশ্চিত করতে এসব প্রস্তাবনা দেওয়া হয়।

জাকসুর পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো নারী শিক্ষার্থীদের আবাসিক ও ব্যক্তিগত পরিসর। এসব এলাকায় ড্রোন উড্ডয়নের একাধিক ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও মানসিক অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে ক্যামেরাসংবলিত ড্রোনের মাধ্যমে ছবি বা ভিডিও ধারণের সম্ভাবনা নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার জন্য গুরুতর উদ্বেগের কারণ।

জাকসুর প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে ছাত্রী হল সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের কোনো সুস্পষ্ট নীতিমালা বা প্রশাসনিক নির্দেশনা নেই। ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তার পাশাপাশি আবাসিক নিরাপত্তা, শৃঙ্খলা ও মানসিক স্বস্তির জন্যও হুমকি তৈরি করতে পারে।

প্রস্তাবনায় ছাত্রী হল সংলগ্ন এলাকাকে ড্রোন উড্ডয়নের ক্ষেত্রে ‘সংবেদনশীল/নিয়ন্ত্রিত এলাকা’ (Sensitive/Restricted Zone) হিসেবে ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত পূর্বানুমোদন ছাড়া সেখানে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া প্রশাসনিক, একাডেমিক, গবেষণা বা প্রকৌশলগত প্রয়োজনে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমোদন, সময়, স্থান ও দায়িত্ব নির্ধারণ করে পৃথক ‘ড্রোন ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন, ছবি বা ভিডিও ধারণ কিংবা ছাত্রী হলের ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে জাকসু।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নীতিমালা বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া এবং শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতদের অবহিত করতে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

জাকসু আশা প্রকাশ করেছে, ছাত্রী হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব পদক্ষেপ বাস্তবায়ন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত