উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সম্প্রীতির অঞ্চল হিসেবে তিন পার্বত্য জেলা সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সরকারের মূলমন্ত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। এ ক্ষেত্রে সম্প্রীতির অঞ্চল হিসেবে তিন পার্বত্য জেলা সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকেন্দার ও স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণ চাকমা প্রমুখ।
আয়োজকেরা জানান, বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা থেকে বিজয়ীদের বাছাই করে জাতীয় দল গঠন করা হবে। পরে ঢাকায় তাঁদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ক্রীড়াবিদেরা ২০২৭ সালে চিলিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৮৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সসহ মোট ১০টি ইভেন্টে অংশ নেন।
এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সরকার ও পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার মাধ্যমে উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।