ডায়াবেটিস থাইরয়েড যোগসুত্র

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ এএম

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমদ

এফসিপিএস, মেডিসিন স্পেশালিস্ট ও এইচওডি, এন্ডোক্রাইনোলজি বিভাগ, সিএমএইচ, ঢাকা।

বিশ্বের প্রতি ৯ জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের চিত্র আরও ভয়াবহ। এখানে প্রতি ৮ জনের মধ্যে এক জন ডায়াবেটিসে আক্রান্ত। আর হাইপোথাইরয়ডিজম বর্তমানে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ডায়াবেটিস এবং থাইরয়েডের রোগ এখন বলা যায় ঘরে ঘরে। প্রায় শতকরা ৩০ জন ডায়াবেটিস রোগীই আবার হাইপো থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। দুটোই হরমোনের ঘাটতিজনিত রোগ। পরিচিত হরমোন দুটো হলো ইনসুলিন এবং থাইরক্সিন। ইনসুলিন শরীরের অসংখ্য বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আর থাইরক্সির শরীরের অজস্র কার্যাবলিতে অংশ নেয়। এই দুটো হরমোনজনিত রোগ একত্রে থাকলে শরীর হতে পারে আরও নাজুক।

টাইপ-১ ডায়াবেটিস ও হাইপোথাইরয়ডিজম

টাইপ-১ ডায়াবেটিস এবং হাইপোথাইরয়ডিজমের মধ্যে একটা যোগসূত্র আছে। দুটোর পেছনে কাজ করে অ্যান্টিবডি। থাইরয়েডের অ্যান্টিবডি অঙ্গটির কোষ ধ্বংস করে দেয়। ফলে হরমোন উৎপাদন কমে যায়। টাইপ-১ ডায়াবেটিসের পেছনেও আছে অ্যান্টিবডি। মূলত অ্যান্টিবডির কারসাজিতে ইনসুলিন তৈরির কারখানা ধসে যায়। বিটা কোষগুলো যখন একেবারে শেষ হয়ে যায় তখন ইনসুলিনের প্রকট অভাবে দেখা দেয় টাইপ-১ ডায়াবেটিস। আমাদের শরীরে এই ধরনের একটি অটোইমিউন রোগ দেখা দিলে অন্য আরও অসংখ্য অটোইমিউন রোগ একই সঙ্গে থাকতে পারে। এটি যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

টাইপ-২ ডায়াবেটিস ও হাইপোথাইরয়ডিজম

হাইপোথাইরয়ডিজমে বিপাক ক্রিয়ার গতি কমে যায়। ফলে গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিডসহ অসংখ্য উপাদানের স্বাভাবিক বিপাক ব্যাহত হয়। এছাড়া এ রোগে ইনসুলিনের সংবেদনশীলতা কমে যায়। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এসব কারণে থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিলে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

ডায়াবেটিসে থাইরয়েডের রোগ হওয়ার ঝুঁকি কাদের বেশি

ডায়াবেটিস রোগীদের মধ্যে হাইপোথাইরয়ডিজম হওয়ার ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হচ্ছেন: মহিলা বয়স্ক ব্যক্তি স্থূলতা থাইরয়েড অ্যান্টিবডির উপস্থিতি রক্তশূন্যতা উচ্চ কোলেস্টেরল।

ডায়াবেটিস দেখা দিলে জেনে নেওয়া দরকার

থাইরয়েডের ব্যাধি আছে কিনা। ডায়াবেটিস রোগীদের ওপরের বৈশিষ্ট্য থাকলে অবশ্যই থাইরয়েড হরমোনের মাত্রা জেনে নিতে হবে।

দুটো ব্যাধি একত্রে থাকলে কী হয়

ডায়াবেটিসের অত্যন্ত পরিচিত যে সমস্ত জটিলতা রয়েছে সেগুলো হচ্ছে কিডনি  ফেইলিওর, রেটিনার ব্যাধি, প্রান্তীয় স্নায়ুর ব্যাধি, হৃদরোগ, স্ট্রোক, প্রান্তীয় রক্তনালির রোগ। হাইপোথাইরয়ডিজম সঙ্গে থাকলে নিচের ঝুঁকি আরও বৃদ্ধি পায়। যেমন: রক্তে খারাপ কোলেস্টেরলের আধিক্য দেখা দেয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে হৃৎপি- এবং রক্তনালির রোগ বৃদ্ধি পায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়  স্নায়ুর ব্যাধি বেড়ে যায় রেটিনার ব্যাধি বাড়তে থাকে।

কোলেস্টেরলের দাপট বেড়ে যায়

থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিলে রক্তে খারাপ কোলেস্টেরলের দাপট বেড়ে যায়। এর মধ্যে অন্যতম হলো এলডিএল। এই কোলেস্টেরলটি আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের জন্য ভয়ংকর শত্রু। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রক্তে চিনির মাত্রা বাড়লেও একই ঘটনা ঘটে। খারাপ কোলেস্টেরলগুলো বাড়তে থাকে। ফলে যাদের একই সঙ্গে ডায়াবেটিস ও হাইপোথাইরয়েড থাকে তাদের জন্য বিষয়টি হয়ে দাঁড়ায় মহাবিপত্তিকর। ঝুঁকি সে কারণে বেড়ে যায় কয়েকগুণ।

কিডনির ক্ষতি

হাইপোথাইরয়ডিজমে কিডনিতে রক্তপ্রবাহ কমে যায়। ফলে রক্ত ছাঁকন করার হার বা জিএফআর কমে যায়। হৃৎপি-ের পাম্প করার ক্ষমতা হ্রাস পায়। ফলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। প্রান্তীয় রক্তনালির চাপ বেড়ে যায়। এসব কিছু এক পর্যায়ে হৃৎপি- অচল করে দিতে পারে। এর সঙ্গে ডায়াবেটিস যোগ হলে অবস্থা আরও সংকটাপন্ন।

অন্যান্য জটিলতা

হাইপোথাইরয়ডিজমে রেটিনার রক্তনালির বৃদ্ধি ঠিকমতো হয় না। হলে রেটিনার জটিলতা বা রেটিনোপ্যাথির প্রবণতা বৃদ্ধি পায়। রক্তনালির স্থিতিস্থাপকতা নষ্ট করে ভেতর গাত্রের কার্যক্ষমতা হ্রাস পায়। ফলস্বরূপ বড় রক্তনালির অসুখ বেড়ে যায়।

করণীয়

জেনে নিন একই সঙ্গে দুটো রোগ আছে কি না ওজন নিয়ন্ত্রণে রাখুন শরীরচর্চা করুন পরীক্ষার মাধ্যমে জেনে নিন কোলেস্টেরল, থাইরয়েড এবং চিনির মাত্রা জটিলতা দেখা দিচ্ছে কি না বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত